গাজীপুর টঙ্গীর স্টেশন রোডে বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে বস্তির ওপর পড়েছে। এতে ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন।
জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিল বিআরটি প্রকল্পের একটি ক্রেন। ক্রেনটি দিয়ে সেতুতে গার্ডার উঠানো বড় বড় লোহার বস্তু উচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হয়। হঠাৎ ক্রেনটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানপাট ও বস্তির ওপর গিয়ে পড়লে ৩ জন আহত হন।
বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম জানান, পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে এবং দুই-তিনজন আহত হয়েছেন। আমি দূরে আছি। আমরা আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি এছাড়াও মহাসড়ক থেকে উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।