রংপুরের মিঠাপুকুরে শিমু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে জামালপুরের বকশিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, বছর দেড়েক আগে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে শিমু বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ মোটরসাইকেল, আসবাবপত্র এবং ২ লাখ টাকাও দেন শিমুর পরিবার। শিমুর স্বামী দীর্ঘদিন ধরে আরও ১ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে গত ৭ মার্চ শিমু বেগমকে তার স্বামী দুলাল মিয়া, শ্বশুর বাবলু মিয়া এবং শাশুড়ি দুলালী বেগম মিলে মারধরের পর গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে দুলালের পরিবারের লোকজন।
ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। পরে জামালপুরের বকশিগঞ্জ থেকে নিহতের স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে দুলাল। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।