বাসায় ডেকে এনে শ্বশুরকে কুপিয়ে ‘হত্যা’

সুনামগঞ্জে ছাতকে শ্বশুরকে ডেকে এনে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মেয়ের জামাইয়েরে বিরুদ্ধে। শনিবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল আলী (৬২) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজিচালক গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়।

স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ জানান, কবুল আলীকে বাসায় খবর দিয়ে ডেকে নিয়ে আসেন জামাই সেলিম উদ্দিন। শনিবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে ঝগড়া হয় সেলিমের। এর একপর্যায়ে সেলিম দা দিয়ে কুপিয়ে মকবুল আলীকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।  

এ ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এর মধ্যে আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।