দেশে বিদ্যুতের কোনো সংকট নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি সব সময়ই জিজ্ঞেস করেন সুনামগঞ্জের মানুষ সরকারের সুবিধা পাচ্ছে কি-না, তাদের উন্নয়ন হচ্ছে কি-না। হাওরের মানুষের প্রতি শেখ হাসিনা আন্তরিক। তিনি হাওরের মানুষের বিশ্বস্ত বন্ধু। এ সরকারের সুযোগ্য নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রাম-গঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর। যা এক সময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হচ্ছে।

 

রোববার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ma mannan-2

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নারীবান্ধব সরকার, তিনি নারীদের খুব সম্মান করেন। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনও বিতরণ করছে সরকার। শুধু টিউবওয়েল নয়, কয়েকদিন পর পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে পানি পৌছে দেওয়া হবে।

পরপর অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি জানি না কেন এমন হচ্ছে। তবে এটা খতিয়ে দেখা উচিত। এর পিছনে কোনো অনিষ্টকারী ও অগ্নিসন্ত্রাস আছে কি-না। অথবা অন্য কোনো রাজনীতির উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কি-না আমরা সেটা দেখব।

দেশে বিদ্যুৎতের সংকট আছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। তবে হঠাৎ করেই বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় একটু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।

ma mannan-1

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।

বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদারসহ অনেকে।