লিটনহীন কলকাতার টানা দ্বিতীয় হার

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। বাংলাদেশি এই ব্যাটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর  দুটি ম্যাচ খেললো কলকাতা। এই দুই ম্যাচে একটিতেও একাদশে জায়গা হয়নি লিটনের। আর এই দুই ম্যাচেই হারের মুখ দেখতে হলো কলকাতাকে।

হায়দ্রাবাদের সঙ্গে ২৩ রানে হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সে কাছে ৫ উইকেটে হেরেছে কলকাতা। রোববার (১৬ এপ্রিল) টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা। ১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ বল হাতে রেখে জয় পায় মুম্বাই। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ক্রিজে এসে ব্যাটিং তাণ্ডব চালান ভেঙ্কটেশ আইয়ার। তার মারমুখি সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কলকাতা। আইয়ার ছাড়া ব্যাট হাতে আর কেউ সুবিধা করতে পারেনি। ৫১ বলে ১০৪ রান করেন আইয়ার। 

১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাইকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ। উদ্বোধনী জুটিতে ৬৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। রোহিত শর্মা আউট হলে ফিফটি তুলে নেন ইশান কিষাণ। ২৫ বলে ৫৮ করেন তিনি।

এরপর সূর্যকুমার যাদব, তিলক ভর্মা ও টিম ডেভিডের ব্যাটে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই। সূর্যকুমার যাদব ২৫ বলে ৪৩, তিলক ভর্মা ২৫ বলে ৩০ করেন। আর টিম ডেভিড ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড।