ভারতের মণিপুরের ইন্ডোর স্টেডিয়ামে গত শনিবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিস ইন্ডিয়া ২০২৩ প্রতিযোগিতার ৫৯তম আসর। ফাইনাল পর্বে ৩০ প্রতিযোগিকে পেছনে ফেলে এবার মিস ইন্ডিয়ার মুকুট নিজের করে নিয়েছেন নন্দিনী গুপ্তা। রাজস্থানের এই সুন্দরীর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ২০২২’ বিজয়ী সিনি শেঠি।
এছাড়া এবারের আসরে দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম সংস্করণে নন্দিনী এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ১৯ বছরের নন্দিনী গুপ্তা কোটার বাসিন্দা। নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রিধারী। মিস ইন্ডিয়া সংস্থার মতে, রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।
তবে আরেক সাক্ষাত্কারে নন্দিনী বলেছেন, ‘আমি প্রিয়াঙ্কাকে অনুসরণ করি। দেশিগার্লের একাধিক কৃতিত্ব আমাকে অনুপ্রাণিত করে।’
এদিকে মিস ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজ থেকেও নন্দিনীর জয়ের মুহূর্তের একটি ছবি ক্যাপশনসহ পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘বিশ্ব তিনি এসে গেছেন। নন্দিনী গুপ্তা আমাদের মঞ্চ জয় করেছেন এবং তার সহনশীলতা, সৌন্দর্য, আকর্ষণ আমাদের হূদয় দখল করে নিয়েছে। আমরা খুব গর্বিত এবং মিস ওয়ার্ল্ড মঞ্চে তাকে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’
উল্লেখ্য, এবারের আসরে কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে পারফর্ম করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনীশ পল ও ভূমি পেডনেকর।