বাফুফে ইস্যুতে পাপনের ‘নো কমেন্ট’

গত কয়েকদিন ধরে একের পর এক সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুরুটা হয়েছিল 'টাকার অভাবে' নারী দলকে মিয়ানমারে না পাঠানো নিয়ে। এরপর আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

যা দেশের ফুটবলের জন্য এক লজ্জার ঘটনা। এমন ঘটনায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন অনেকেই। তবে বাফুফের এই ইস্যুতে কথা বলতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (১৭ এপ্রিল) বাফুফে ইস্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে পাপন বলেন, ‘নো কমেন্ট। ক্রিকেটের বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট নাই।’

বাফুফে ইস্যুতে কোন কথা না বলার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত বাফুফেতে যারা আছেন, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আছে, নিশ্চয়ই তারা এটা নিয়ে দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা আগাম হয়ে যায়।’ 

'টাকার অভাবে' নারী দলকে মিয়ানমারে না পাঠানো নিয়ে মন্তব্য করার কারণ জানিয়ে পাপন বলেন, ‘আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। ওইটা তো শেষ। ওখানে এখন কী হচ্ছে, সেটা আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।’