‘এবার ঈদে নতুন শাড়ি পরতি পারব, তাই মনে ফুর্তি লাগছে।’ বহরপুর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী হাজেরা খাতুন (৩৫) নিজের জন্য নতুন শাড়ি ও স্বামীর জন্য লুঙ্গি পেয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। সোমবার (১৭ এপ্রিল) সকালে পাবনার ঈশ্বরদীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণের সময় তিনি এ কথা বলেন। তিনি প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে।
হাজেরা খাতুন বলেন, ‘শেখের বেটি হাসিনা ঘর দিয়ে ঠিকানা করি দিছে। তয় এখন জিনিসের দাম অনেক। খাওন যোগাড় আর ছেলি-মেয়িদের কাপড় কিনতে হিমসিম খাচ্ছি। নিজেরা নতুন কাপড় কেনবো ক্যামনে।’
এ সময় গালিবুর রহমান শরীফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঈদের আগে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছি। নেত্রী হতদরিদ্রদের জন্য মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। সামর্থ্য অনুযায়ী বহরপুর প্রকল্পে সবার জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থা করেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, মুলাডুলি ইউপি সদস্য বানেস আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আরও অনেকে।