ওয়াসার গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু, আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াসার গাড়িচাপায় মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়ে গাড়িটি পুড়িয়ে দিয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রাইনাদী আতাদী এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে। 

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার রাইনাদী আতাদী এলাকায় নির্মাণাধীন ওয়াসার রাস্তায় পানি স্প্রে করার কাজ করছিল একটি গাড়ি। এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ করে বাড়িতে ফিরছিলেন। ওয়াসার রাস্তায় ওঠা মাত্র পানি স্প্রে করা গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজিবুর রহমানের মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে গাড়িটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব বলেন, খবরটি পেয়েছি এবং পরিস্থিত এখন স্বাভাবিক।