গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিজিএফের চাল বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) উপজেলার কুশলা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার উপজেলার কুশলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ৯৩০ জন দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সাড়ে ৯ কেজি চাল ও প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে আদায় করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আসমা বেগম টাকা আদায় করেন।
কুশলা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য আসমা বেগম টাকা আদায় করার কথা স্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে নিতে বলেছেন। সেই কারণে চাল বিতরণের সময় টাকা নিয়েছি ।
কুশলা ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, চাল প্যাকেট করতে খরচ হয়েছে। অবলম্বন নামের ব্যাগ ফ্যাক্টরি থেকে প্রতি ব্যাগ ১৫ টাকা দিয়ে কিনতে হয়েছে। তাই সদস্যদেরকে ২০ টাকা করে আদায় করতে বলেছি। এই চাল বিতরণে আমাদের পকেট থেকে ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। চাল বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি। এমনকি ওজনেও কম দেওয়া হয়নি।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বিষয়টি জানার পর সোমবার রাতে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়কে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।