শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, আমাদের দেশে উন্নয়ন শুধু এক জায়গায় নয়, বরং সারাদেশেই হয়েছে। যা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি যাই করেছেন দেশের মানুষের কল্যাণে-মানুষের ভোগান্তি দূর করতেই করেছেন। প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশ-সিদ্ধান্তে আমরা সর্বদা পাশে ছিলাম-আছি-থাকবো। শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাবো।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শরীয়তপুর সদরে মাহে রমজানে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য যেভাবে চিন্তা করেন, আমার মনে হয় না আর কেউ এভাবে চিন্তা করে। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানের শ্রমিক, ব্যবসায়ী ও মালিকদের ঈদটা যেন সুন্দরভাবে কাটে সেই জন্য ঈদ উপহার হিসেবে নয় কোটি টাকা বরাদ্দ করেছেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে।
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।