যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ভোটে জিততে পারবে না বলে বিভিন্ন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। নির্বাচনে আসার তাদের কোন যোগ্যতা নাই। তারা নির্বাচনে জিততে পারবে না তারা জানে। কারণ তারা গত ১৪ বছর মানুষের পাশে যায় নাই। এই যে এত বড় করোনা গেল, সারা বিশ্বে মহামারির, এই যে রমজান গেল কিন্তু জনগণের পাশে দাঁড়ায় নাই। তাই তারা নির্বাচনে ভয় পায়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভাসানটেক সরকারি কলেজ মাঠে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি মনে করে তারা নির্বাচনে না গেলে সংসদ নির্বাচন বৈধতা পাবে না। আমি বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই এর আগেও তারা নির্বাচন বয়কট করেছে। কিন্তু তাতে বৈধতার কোন সংকট হয় নাই। বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নতির ধারা অব্যাহত রয়েছে। কোন একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলে বৈধতার কোন সংকট হয় না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে ষড়যন্ত্র চলছে সেটা এ দেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এদেশের মেহনতি কর্মজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্রের মোকাবিলা আমাদের বাংলাদেশের অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।