ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড, মন জিতেছেন ইফতিখার

বেশি দিন হয়নি। এই তো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগের কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন ইফতিখার আহমেদ। পিএসএলের প্রস্তুতি হিসেবে প্রদর্শনী ম্যাচ খেলতে পাকিস্তানে উড়ে গেলেন। বিপিএল থেকে গিয়ে ওয়াহাব রিয়াজের ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইফতিখার। আগ্রাসী ব্যাটিংয়ে আবারও মন জয় করে নিলেন এই পাকিস্তানি ব্যাটার।

সোমবার রাতে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড-পাকিস্তান। লাহোরের ম্যাচটি ৪ রানে জিতে সিরিজ বাঁচিয়ে রেখেছে কিউইরা। তবে এই হারের ব্যবধানে ঠিক বোঝানো যাবে না ম্যাচটি কী অবস্থায় গিয়ে শেষ হয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে নিউজিল্যান্ডের করা ১৬৩ রানের জবাবে নিশ্চিত হারতে বসেছিল স্বাগতিকরা। ৮৮ রান তুলতেই হারিয়েছিল ৭ উইকেট!

ইফতিখার আহমেদের হাফসেঞ্চুরি উদযাপন। ছবি: টুইটারএরপরও ম্যাচটি এতটা প্রতিদ্বন্দ্বিতা অবস্থায় গিয়েছিল ইফতিখারের অতিমানবীয় পারফরম্যান্সে। নিশ্চিত হারতে বসা ম্যাচে একটা সুযোগ নিতে চাইলেন এই ব্যাটার। শেষটা যদিও সুখকর হয়নি, তবে ২৪ বলে ৬০ রানের লড়াকু ইনিংস খেলে মন জিতে নিয়েছেন ইফতিখার।

৩ চার ও ৬ ছক্কায় সাজানো ইফতিখারের ইনিংসটি শেষ হয় ২০তম ওভারের চতুর্থ বলে। একই সঙ্গে শেষ হয় পাকিস্তানের জয়ের আশা। শেষ পর্যন্ত ৪ রানে ম্যাচটি হারায় অবশ্যই হতাশা আছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন ইফতিখার।

হাফসেঞ্চুরি করেও জেতাতে পারেননি ইফতিখারসাদ নামের এক পাকিস্তানি ভক্তের টুইট, ‘আমরা হেরেছি, তবে ইফতিখার আহমেদের অবিশ্বাস্য ইনিংসে কী ম্যাচটাই না হলো।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইফতিখারের ইনিংস মনে পড়ে গেছে সুমরা নামের এক ভক্তের, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে ওই মাস্টারক্লাসের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও আমরা দুটো ম্যাচই হেরেছি। আমরা এই মানুষটার কাছে অনেক ঋণী।’

পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলও প্রশংসায় ভাসিয়েছেন ইফতিখারকে, ‘দুর্ভাগ্য পাকিস্তানের। শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল, যদিও জিততে পারেনি। ফাহিম আশরাফ ও ইফতির জুটি ছিল দেখার মতো।’

অনেক ভক্ত সামনের ওয়ানডে বিশ্বকাপেও দেখতে চাইছেন ইফতিখারকে। তাকে ছয় নম্বর পজিশনে দেখার প্রত্যাশাও করছেন কেউ কেউ।