পোল্যান্ড এবং হাঙ্গেরির পর এবার ইউক্রেইন থেকে খাদ্যশস্য ও অন্যান্য খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করলো স্লোভাকিয়া। সোমবার (১৭ এপ্রিল) স্লোভাকিয়ার কৃষিমন্ত্রী শস্য নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানান। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় অভ্যন্তরীন চাপের মুখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। তবে তৃতীয় কোনো বাজারে খাদ্যশস্য পরিবহনের জন্য ইউক্রেনের সঙ্গে নিজেদের সীমান্ত খোলা রাখবে স্লোভাকিয়া।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ১৮ মে তে। তার আগে দিয়ে শস্য রপ্তানিতে পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো।
এর আগে বাজারে এসব পণ্যের অতিরিক্ত সরবরাহের কারণে দাম পড়ে যাওয়ায় স্থানীয় কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি জানিয়ে পোল্যান্ড ও হাঙ্গেরি প্রতিবেশী দেশ ইউক্রেনের কাছ থেকে শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। তারা বলছে, স্থানীয় কৃষি খাতের সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।