উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাবের বর্ষবরণ

বাংলা নববর্ষ উদযাপন করল ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজক বিভাগের উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত ও রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে। নাচ, গান, এবং আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়ক, আইটি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। আলোচনায় অংশ নেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন, সহকারী অধ্যাপক সারা তাসনিম, প্রভাষক শামিম আহমেদ।

বক্তারা বলেন, বাংলাদেশে একটি সুন্দর সমাজ গঠনে বাঙালি সংস্কৃতির ঐতিহাসিক ভূমিকা রয়েছে । দেশের স্বাধীনতার সূচনা হয়েছিল ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৬ দফা এবং স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন দেশের স্বপ্ন দেখেছিলেন বলেই তার নেতৃত্বে আমরা স্বধীনতা অর্জন করতে পেরেছি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, উদ্যোক্তা অর্থনীতি বিভাগের কার্যক্রম আগামী দিনে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। এবং ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণে উদ্যোক্তা অর্থনীতির বিভাগ কার্যকর ভূমিকা রাখবে।  

তিনি বলেন, জাতির পিতা সর্বদা বাঙালি সংস্কৃতিকে অনুপ্রাণিত করেছেন যা এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের মধ্যে বাস্তবায়নের জন্য করছেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্নাতক  শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম। একক কবিতা আবৃত্তি করেন আহমেদ ইশতিয়াক। দলগত গান পরিবেশনা করেন স্নাতক বর্ষের শিক্ষার্থীবৃন্দ জয়িতা পান্ডে, নেহাল পারভেজ, শাহরিয়ার নাহিদ, সায়েম, আজমাঈন, হুযাইফা, তাহাম্মুম, রাহাতসহ প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী তার লেখা ‘বঙ্গবন্ধু ও নতুন বাংলা বছর এবং শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়ন’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন।