দল হেরে যাওয়ায় এমনিতেই হতাশ ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের সেই হতাশার মধ্যে কাটা গায়ে নুনের ছিটা হয়ে কোহলির উপর নেমে এসেছে জরিমানার শাস্তি। ম্যাচ শেষ হতেই দৌড়ে কোহলিকে হাজিরা দিতে হয় ম্যাচ রেফারির কাছে। সেখানে গিয়েই শুনতে পারেন শাস্তির খবর। তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আইপিএলের নিয়মের ২.২ ধারা ভঙ্গের অভিযোগে কোহলিকে আর্থিক জরিমানা করা হয়েছে। কোহলিও অভিযোগ স্বীকার করে নিয়েছেন। মানে অপরাধ স্বীকার করে মেনে নিয়েছেন শাস্তি। কিন্তু কি অপরাধে কোহলিকে জরিমানা করা হয়েছে? আইপিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে অপরাধের বিষয়টি স্পষ্ট করেনি। তবে ধারণা করা হচ্ছে, আগ্রাসী আচরণের মাধ্যমে কোহলি হয়তো আচরণবিধির ধারাই ভঙ্গ করেছেন।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২২৬ রানের পুঁজি গড়ে চেন্নাই। দলকে বিশাল এই পুঁজি এনে দেওয়ার পথে ৫ ছক্কা আর ২ চারে মাত্র ২৭ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলেন চেন্নাইয়ের ব্যাটসম্যান শিবম দুবে। বোঝাই যাচ্ছে, দুবে যতক্ষণ মাঠে ছিলেন, কোহলির মাথাব্যথার কারণ হয়ে উঠেছিলেন। তো এই দুবে যখন পারনেলের বলে আউট হন, উদযাপন করতে গিয়েই আগ্রাসীকতায় একটু যেন মাত্রাই ছাড়িয়ে যান কোহলি। ধারণা করা হচ্ছে, সেই আগ্রাসী উদযাপনের কারণেই কোহলিকে জরিমানা গুণতে হচ্ছে। উল্লেখ্য, ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলির বেঙ্গালুরু শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে করতে পারে ২১৮ রান। চেন্নাই পেয়ে যায় ৮ রানের জয়।