চলমান ঢাকা প্রিমিয়ার লিগের খেলা মাঠে গড়ানোর আগেই জানানো হয়েছিল রোজায় অনুষ্ঠিত হবে লিগ পর্বের খেলা এবং ঈদের পরে অনুষ্ঠিত হবে সুপার লিগের খেলা। ইতোমধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে গত সোমবার। নির্ধারিত হয়ে গিয়েছে কোন ৬ দল উঠেছে সুপার লিগে। গতকাল জানা গেল কবে থেকে শুরু হবে এই পর্বের খেলা।
গতকাল মঙ্গলবার সুপার লিগ নিয়ে বৈঠকে বসেন সিসিডিএম। এরপর চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানান, চারটি ভেন্যুতে পহেলা মে থেকে শুরু হবে সুপার লিগ ও রেলিগেশন লিগের খেলা। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা সুপার লিগ ও রেলিগেশনে খেলবে আমরা আজকে সবার সঙ্গে বসেছিলাম। ক্লাব অফিসিয়ালদের সঙ্গে আলাপ করে যেটা সিদ্ধান্ত নিয়েছি তা হলো পহেলা মে শুরু হবে সুপার লিগ। এর মধ্যে একদিন রিজার্ভ ডে ও একদিন থাকবে বিশ্রাম। মূলত গরমের কারণে আমরা একটা লম্বা বিরতি দিচ্ছি। এছাড়া ক্লাবগুলোরও চাওয়া ছিল ঈদের পর একটা বিরতি যেন পায়।’
সিসিডিএম চেয়ারম্যান আরো বলেন, ‘সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে। খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটা ভেন্যুতে শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডের হিসেবটা ঠিক থাকবে।’
এদিকে ডিপিএলের এবারের আসরের সুপার লিগে ওঠা দলগুলো হলো, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এসব ক্লাবের মধ্যে মোহামেডান ছাড়া বাকি পাঁচ দলই এ টুর্নামেন্টের গত আসরেও খেলেছিল সুপার লিগ।