বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেশেখ হাসিনাকে জয়ী করবেন। শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার একটি পৌরসভাসহ ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে অসহায়-দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাহে রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী বস্ত্র বিতরণ চলছে। আমরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমাদের স্বার্থকতা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে জঙ্গীবাদ এবং নাশকতা সৃষ্টিকারীদের নিশ্চিহ্ন করা হবে।
আব্দুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান, ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) ২৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রায় ৬ সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ী-লুঙ্গী পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপনসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।