অর্থনৈতিক সংকটের মধ্যে ফের পেট্রোলের দাম বাড়াল পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ফেডারেল সরকার আগামী ১৫ দিনের জন্য লিটার প্রতি পেট্রোলের দাম ১০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন হিসাবে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ২৮২ রুপি। তবে হাই স্পিড ডিজেল ও হালকা ডিজেল তেলের দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, কেরোসিনের দামও প্রতি লিটারে বেড়েছে ৫ দশমিক ৭৮ রুপি।
অর্থ বিভাগ এক বিবৃতিতে 'আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধি এবং মুদ্রার হারের তারতম্যের' কারণে পেট্রোলিয়াম পণ্যের দাম বেড়েছে বলে ব্যাখ্যা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্ধবার্ষিক ঋণ বুলেটিনে বলা হয়েছে, পাকিস্তান এই অর্থবছরের প্রথমার্ধে প্রধান ঋণ টেকসই সূচকগুলোর সঙ্গে উল্লেখযোগ্য অবনতির কারণে মুদ্রার অবমূল্যায়ন ও সুদের হার বাড়িয়েছে।
এতে করে দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়ে। চলতি মার্চে মূল্যস্ফীতি ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যা সর্বকালের মধ্যে সর্বোচ্চ। কিছু ক্ষেত্রে এই মূল্যস্ফীতি ৫০ শতাংশের কাছাকাছি চলে গেছে।