প্রত্যেক ঈদে একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও অভিনয় করেন রাশেদ সীমান্ত। এবার ঈদে আসছে ৭ পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। রাশেদ সীমান্তর বিপরীতে কাজ করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা নাটকটি পরিচালনা করছেন আল হাজেন।
নাটকটিতে দেশীয় অভিনেতা-অভিনেত্রী ছাড়াও অন্তত ২০ জন বিদেশী অভিনয়শিল্পী কাজ করেছেন। নাটকটির শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়।
‘হাবুর স্কলারশিপ’ নাটকের গল্প হলো- গ্রামের অত্যন্ত সহজ-সরল কিন্তু মেধাবী ছেলে হাবিবুর রহমান স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পায়। যে ছেলে কোনদিন এর আগে ঢাকার শহরেই আসেনি সে পড়ালেখা করতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। সহজ সরল হওয়াতে অস্ট্রেলিয়া পৌঁছানো পর্যন্ত নানা ধরনের হাস্যকর ঘটনার জন্ম দেয় হাবিবুর রহমান।
এদিকে মারজান ধনীর দুলালী, সেও একই ফ্লাইটে অস্ট্রেলিয়া যায় পড়ালেখা করতে একই ইউনিভার্সিটিতে। মারজান অবাক হয় এত বোকা একটি ছেলে কিভাবে এত বড় ইউনিভার্সিটিতে সুযোগ পেল? শুরু হয় হাবু এবং মারজানের অস্ট্রেলিয়ান জীবন। সে এক শিহরণ জাগানিয়া রোমাঞ্চকর কাহিনী। নাটকটি দেখলে মানুষ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে।
বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৭দিন রাত ১০.০০টা থেকে প্রচার হবে।