হারা ম্যাচে ‘লাফ-কাণ্ডে’ আলোচনায় রোনালদো

আল নাসরে যোগ দেওয়ার সাড়ে তিন মাসের মধ্যেই কোচের চাকরি খেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনার কৌশল জানেন না-রোনালদোর এমন গুরুতর অভিযোগের ভিত্তিতেই দিন তিনেক আগে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করেছে আল নাসর। কিন্তু কোচ ছাঁটাইয়ের ফলটা ভালো হয়নি আল নাসরের। কোচ রুডি গার্সিয়াকে ছাঁটাইয়ের পর মাঠে নেমেই বড় এক ধাক্কা খেয়েছে আল নাসর। সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল হিলালের কাছে রোনালদোদের দল হেরে গেছে ২-০ গোলে।

আল হিলালের মাঠে গিয়ে এই হারের ফলে আল নাসরের লিগ শিরোপা স্বপ্ন বড় একটা ধাক্কা খেল। হারের পর ২৪ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৫৩। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই আল ইত্তিহাদের পয়েন্ট ৫৬। গতকাল রাতে আল শাহাবের বিপক্ষে জিতে থাকলে ইত্তিহাদ হয়তো এগিয়ে গেছে ৬ পয়েন্টে। সেটা হলে রোনালদোর আল নাসরের পক্ষে লিগ শিরোপা জেতাটা কঠিনই হবে। কারণ, লিগের বাকি ৬ ম্যাচে ৬ পয়েন্টের ব্যবধান ঘুচানোটা আল নাসরের পক্ষে সহজ হবে না।

দলের এই ব্যর্থতার রাতে রোনালদো নিজেও নিষ্প্রভ ছিলেন। পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। বল পেয়েছেন হাতে গোনা কয়েক বার। কিন্তু দলের হার এবং নিজে নিষ্প্রভ থাকার পরও ম্যাচ শেষে আলোচনায় রোনালদো। সেটা যে ইতিবাচক কারণে নয় বরং নেতিবাচক কারণে তা সহজেই অনুমেয়। দলের শিরোপা স্বপ্ন ধাক্কা খাওয়ার ম্যাচে রোনালদো আলোচনার জন্ম দিয়েছেন হেড দিতে প্রতিপক্ষ আল হিলালের এক খেলোয়াড়ের উপর দিয়ে লাফিয়ে উঠে!

বল বাতাসে উড়ে আসছিল। হেড করার জন্য লাফিয়ে উঠেন রোনালদো। লাফিয়ে উঠে হেড করে গোল করায় বিশেষ দক্ষতা রয়েছে তার। সেই দক্ষতা দেখাতে গিয়েই পরশু রাতে বিতর্কের জন্ম দিয়েছেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। হেড দিতে লাফিয়ে উঠেন ঠিক, তবে তিনি লাফিয়ে উঠার চেষ্টা করেন প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে। বল তো তিনি পান-ইনি, উলটো আল হিলালের ঐ খেলোয়াড়কে জাপটে ধরে ফেলে দেন মাটিতে! এই ঘটনার জন্য সঙ্গে সঙ্গেই রোনালদোকে হলুদকার্ড দেখিয়েছেন রেফারি। কিন্তু এই ‘লাফ-কাণ্ডে’র অপরাধের জন্য হলুদকার্ড যথেষ্ট শাস্তি কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এমন রসিকতাও চলছে-রোনালদো কি ফুটবল খেলতে নেমেছিলেন না কি ফুটবল ম্যাচটাকে তিনি ‘রেসলিং কোর্স’ মনে করেছিলেন!