ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু-নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ধুলন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আজ সকালে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে রাজধানী পরিবহনের একটি বাস ফরিদপুরের আলফাডাঙ্গায় যাচ্ছিলো। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডি এলাকায় এসে বাসটি উল্টো পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমেরিকান পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। খবর পেয়ে মহাসড়কের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। এরপর আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুজন সরকার বলেন, পাটুরিয়াগামী রাজধানী পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়ক বিভাজকের রং পাশ (ডান পাশ) দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও সহকারী পালিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রাজধানী পরিবহন বাসের আহত যাত্রীরা জানান, ফরিদপুরের আলফাডাঙ্গায় যেতে গাবতলী থেকে তারা বাসে ওঠেন। শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। বারবার স্বাভাবিক গতিতে চালানোর অনুরোধ করলেও চালক এতে কোনো সাড়া দেননি।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুর্ঘটনাস্থলে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে আটকে যায়। আহত যাত্রীদের পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় দুর্ঘটনাস্থলের উভয় পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে সকাল ৯টার দিকে পুলিশ রেকার দিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সারিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।