চাঁদাবাজি মামলায় সাংবাদিক পরিচয়ে প্রতারক গ্রেপ্তার 

সাতক্ষীরা তালা উপজেলায় চাঁদাবাজি মামলায় সাংবাদিক পরিচয়ে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মো. আল আমিন সরদার (২৮) একই এলাকার মো. তুব্বাত সরদারের ছেলে।

তার বিরুদ্ধে যশোরের মনিরামপুর উপজেলার শামকুড় এলাকার মো. মোক্তার আলী সরদারের ছেলে মো. ইলিয়াস হোসেন বাদী একটি চাঁদাবজি মামলা করে। উক্ত মামলায় পাটকেলঘাটা থানা পুলিশ বুধবার দিবাগত রাতে তাকে আটক করে। 

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, সাংবাদিক পরিচয়ে প্রতারক আল আমিন সরদারের বিরুদ্ধে মাদক, নারী কেলেঙ্কারী ও  চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা আল আমিন সরদার বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সম্পাদক পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন চাঁদাবাজি করে আসছিল।