বাগেরহাটে পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ সময় নৌকাসহ তিন বোতল কীটনাশক ও মাছ ধরার জাল জব্দ করে বনরক্ষীরা।
আটকরা হলেন ফজলু হাওলাদার (৩০), রনি মৃধা (২৮), মিজান জোমাদ্দার (২৫), হাসান হাওলাদার (২৮) ও ফয়সাল জোমাদ্দার (২৭)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে।
আটকদের বৃহস্পতিবার (২০ এপ্রিল ) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়।
বনবিভাগ জানায়, বুধবার (১৯ এপ্রিল) বিকেলে বনের গহীনে সুপতি স্টেশন সংলগ্ন আরকোদালিয়া খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বনরক্ষীরা হাতেনাতে পাঁচ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিন বোতল কীটনাশক, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহবুব হোসেন বলেন, সুন্দরবনে নিয়মিত টহলকালে কীটনাশকসহ আটক পাঁচ জনের বিরুদ্ধে নিয়মিত বন মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে চালান দেয়।