ইয়েমেনে পদদলিত হয়ে নিহত বেড়ে ৮৫

ইয়েমেনে রাজধানী সানায় একটি স্কুলে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদলিত হয়ে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অন্তত ৩২২ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

হুথি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মুসলিমদের পবিত্র মাস রমজানের শেষ দিনে ব্যবসায়ীদের দেওয়া সহায়তার অর্থ বিতরণের সময় তারা পদদলিত হন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়অ দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক শ মানুষ অনুদানের অর্থ গ্রহণের জন্য একটি স্কুলে ভিড় করেন। যেখানে জনপ্রতি ৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ৯ ডলার পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে আছে। চারপাশে অবস্থান করা মানুষ সাহায্যের জন্য চিৎকার করছে।

সানার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মোতাহের আল মাউরুনি নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হুথি বাহিনী। ওই সময় একটি বুলেট বৈদ্যুতিক তারে আঘাত হানলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ত্রাণ সহায়তা নিতে আসা মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এরপরই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।