পুলিশ কর্মকর্তার গাড়িতে ডাকাতি, মালামাল লুট

কুমিল্লায় পুলিশ কর্মকর্তার গাড়িতে ডাকাতি হয়েছে। ঈদে বাড়ি ফেরার পথে পিআরএলএ (অবসর-উত্তর ছুটি) আসা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের গাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। 

বুধবার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে কুমিল্লার-চাঁদপুর সড়কের জেলার বরুড়া উপজেলার ছিকোটি এলাকার হাজী এন্টারপ্রাইজের সামনে গাড়ির নিচে রড নিক্ষেপ করে ওই ডাকাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে।
 
লালমাই হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গাড়িতে পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান ও তার পরিবারের সদস্যরা ছিলেন। ডাকাত দল গাড়ির নিচে রড নিক্ষেপ করার পর চালক গাড়ি থামাতেই চারদিক ঘিরে ফেলে তাদের সব মালামাল লুট করে নিয়ে যায়। গাড়িতে পুলিশ সুপারের স্ত্রী, সন্তানেরাসহ ৫-৬ জন সদস্য ছিলেন। 

বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ডাকাতদল নগদ তিন লাখ ৭০ হাজার টাকা ও বিদেশি ব্র্যান্ডের ঘড়ি ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় বৃহস্পতিবার অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে বরুড়া থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।