ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর এই প্রথমবার দেশটির রাজধানী কিয়েভ সফর করেছেন ন্যাটো ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) তিনি কিয়েভ পৌঁছান। জোটের এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলাহয়, তার এই সফরকে কিয়েভের নিজেকে প্রতিরক্ষার জন্য জোটের প্রতিশ্রুতির প্রতীকী তাৎপর্য তুলে ধরছে। ইউক্রেনে ন্যাটোর কোনও আনুষ্ঠানিক উপস্থিতি নেই। কিন্তু রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পক্ষে সোচ্চার রয়েছেন স্টলটেনবার্গ। জোটের ৩১টি সদস্য দেশের কাছ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র, গোলাবারুদ ও সেনাদের প্রশিক্ষণের বিষয়টি সমন্বয় করছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত স্টলটেনবার্গের ছবিতে দেখা গেছে, কিয়েভের সেন্ট মাইকেল স্কয়ারে যুদ্ধে নিহত সেনাদের প্রতি তিনি শ্রদ্ধা জানাচ্ছেন।
রুশ দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড খেরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের দুই দিন পর কিয়েভ পৌঁছালেন ন্যাটো প্রধান। ফলে এই সফরের প্রতীকী গুরুত্ব অনেক বেশি। কিন্তু তার এই সফরের নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি।
জোটের পক্ষ থেকে ইউক্রেনকে শুধু প্রাণঘাতী নয় এমন সহযোগিতা দিচ্ছে ন্যাটো। যেমন, জেনারেটর, চিকিৎসা সরঞ্জাম, তাঁবু, সামরিক পোশাক ও অন্যান্য রসদ।