মেহেরপুর সদরে রাইপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৪০) রাইপুর খাঁ পাড়ার বাবর আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তিন বছর আগে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে আকছেদ আলীর ছেলে মো. এনামুল হক ওরফে খোকনের সঙ্গে শরিফুলের শত্রুতা তৈরি হয়। এর পর শরিফুল দুবাইয়ে চলে যায়। দুই মাস আগে শরিফুল দেশে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে শরিফুল বাড়ি ফেরার পথে এনামুল হক খোকন তাকে কৌশলে হাতিকাটার মোড়ে ডেকে নিয়ে আসে। এসময় সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন শরিফুলকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত এনানুল হক খোকন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনার আর কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।