সেমিতে রিয়ালের সামনে সেই ম্যানচেস্টার সিটি

না, রূপকথার জন্ম দিতে পারেনি বায়ার্ন মিউনিখ। বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনা বরং বায়ার্নের স্বপ্নের মালা জপে নামা ম্যাচটাকে আর দশটা সাধারণ ম্যাচের মোড়কেই বেঁধে দিয়েছে। পরশু অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগটি ড্র হয়েছে ১-১ গোলে। যার ফল, কোয়ার্টার ফাইনালেই গুঁড়িয়ে গেল বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন। আর বায়ার্নের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ম্যানচেস্টার সিটি টানা তৃতীয় বারের মতো পা রাখল টুর্নামেন্টের সেমিফাইনালে!

নিজেদের ঘরের মাঠের প্রথম লেগে ৩-০ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল ম্যানচেস্টার সিটি। পরশু ফিরতি লেগের ১-১ ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতা নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি। সেখানে তাদের প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। যে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে এই সেমিফাইনালেরই ফিরতি লেগের শেষ মুহূর্তে চুরমার করে দিয়েছিল ম্যান সিটির শিরোপা স্বপ্ন। দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতা নিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। পরে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে রিয়াল জিতে নিয়েছিল শিরোপাও।

সেই হিসেবে এবার ম্যান সিটির জন্য সেমিফাইনালটা প্রতিশোধ মিশন। ম্যান সিটির পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্ডো সিলভা সত্যিকার অর্থেই সেমিফাইনালটাকে প্রতিশোধের মিশন হিসেবে নিচ্ছেন। পরশু বায়ার্নের বিপক্ষে ম্যাচ শেষেই সিলভা হুংকারের সুরে বলেছেন, এবার তারা প্রতিশোধ নিয়েই ছাড়বে, ‘আমরা অবশ্যই এটার (প্রতিশোধ) জন্যই লড়ব। দল এই মুহূর্তে অবিশ্বাস্য রকমের আত্মবিশ্বাসী। আমার মনে হয় আমরা (ফাইনালে উঠতে) পারব। জানি কাজটা ভীষণ কঠিন।