এডিনবার্গে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপিত হলো মুসলিম উম্মাহর অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২১ এপ্রিল) আল হুদা ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইনভেলিথ পার্কের খোলা মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে ঈদ উদযাপন।

এছাড়া সিটি সেন্টার, লেইথ ব্লাক হলসহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে সমবেত হয়ে মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার প্রবাসী বাঙালিরা। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন। বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।

বাংলাদেশিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সকলে। দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।