কাতারে ‘ই-পাসপোর্ট’ সেবার উদ্বোধন

বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতারে উদ্বোধন হলো ই-পাসপোর্ট সেবা। বুধবার (১৯ এপ্রিল) রাষ্ট্রদূত নজরুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন। এ সময় ছিলেন ই-পাসপোর্ট ও স্বংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন।

কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ই-পাসপোর্ট কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন। এরপর রাষ্ট্রদূত নজরুল ইসলাম সেবা গ্রহীতাদের কাছে ডেলিভারি স্লিপ হস্তান্তর করে এ সেবার উদ্বোধন করেন। 

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে কাতার প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত ভ্রমণ ও আবাসন প্রক্রিয়া আরো সহজ ও নিরাপদ হবে।

সবাইকে ই-পাসপোর্ট গ্রহণ করার প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রক্রিয়াকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি।