জামালপুর ও শেরপুর ব্রহ্মপুত্র ব্রিজসংলগ্ন সাতপাকিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাজ চলার সময় তিতাস গ্যাসের উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে শনিবার (২২ এপ্রিল)গ্যাস সরবরাহ বন্ধ বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তারা বলেছে, পাইপলাইন মেরামতের কাজ চলছে। শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের।
শুক্রবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুত্র নদের তলদেশে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলাজুড়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র সেতুর গরুহাটা এলাকায় প্রায় তিন মাস আগে নদী খননের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। খননকাজের সময় বিস্তীর্ণ এলাকায় বালু রাখা হয়। জমিয়ে রাখা বালুর প্রায় ১৫ ফুট নিচে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনে শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে জামালপুর থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (২২ এপ্রিল) মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আর এ দিনে গ্যাস সংযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে জেলার কয়েক হাজার গ্রাহককে। যদিও বিকেলের মধ্যে শেরপুরের গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশ্বাস দিয়েছে তিতাস।