ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জামাল মিয়া(৪০)নামে একজন নিহতসহ ৩০ জন আহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় খাস জমিতে ধান উঠানো নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমার জেরে এ ঘটনা ঘটে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জামাল মিয়া ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান রয়েছে। ধান কেটে এ খাস জায়গা ধান তোলার খলা করার জন্য প্রস্তুতি নেয় একপক্ষ এতে অপর পক্ষ সরকারি জায়গা নিজেদের বলে দাবি করায় বাঁধে সংঘর্ষ।
দেশিয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ তিনদফা সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষে প্রায় ৩০ আহত হয়েছে। আহত ২৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কাজন অবস্থায় ৩ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি খাস জমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে জামাল মিয়া ঘটনাস্থলে টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।