ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না আর...

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাজমুল হাওলাদার(১৫) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় নিহতের ২ বন্ধু জাহিদ ও আকরাম আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে ফুফু বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি একই উপজেলার কাদিরপুর ফিরছিল নাজমুল, তার বন্ধু জাহিদ ও আকরাম। দ্বিতীয়খন্ড ইউনিয়নের জিনারগেট এলাকায় আসলে দ্রুত গতির কারনে মোটরসাইকেলটি মাইল ফলক পিলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়৷ 

এতে নাজমুল, জাহিদ ও আকরাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল সৌদি প্রবাসী নান্দু হাওলাদারের ছেলে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।