রাজশাহীতে ঈদের মাঠে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থানে থাকা দুই রাজনৈতিক দলের নেতা স্থানীয় শীর্ষ নেতা। শনিবার (২২ এপ্রিল) এমন একটি ছোট্ট ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
ঈদের দিন (শনিবার) সকাল ৮টার দিকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ওয়াজিব নামাজ আদায় করেন দেশের বড় দুটি দলে এই দুই নেতা।
ভিডিও চিত্রে দেখা গেছে, সামনের কাতারে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ডানে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও তার পরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এবং একই সারিতে বর্তমান মেয়রের বামে একজনের পরই সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মিজানুর রহমান মিনু ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিকের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদসহ মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। যা ক্যামেরাপার্সনদের ভিডিওতে ধরা পড়েছে।
উক্ত ঈদের জামাতে ইমামতি করেন জামিয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শাহাদাত আলী।
এছাড়া রাজশাহী মহানগরীতে সকাল সাড়ে ৭টায় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে মহানগর (টিকাপাড়া) ঈদগাহ ময়দানে। একই সময়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এবং নগরীর সাহেববাজার বড় রাস্তায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।