ঈদের দিন কলকাতার তিলজলায় একটি সাবান কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কারখানার তেলের ট্যাংকারে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে একজনের নাম লোগানাথন, যিনি কর্ণাটকের ব্যাঙ্গালোরের বাসিন্দা। আরেকজন হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা কার্তিক ঘোষ। জানা গেছে, ঈদের দিনও শনিবার (২২ এপ্রিল) সাবান কারখানায় কাজ চলছিল।
বিকেলে একটি নিম তেলের ট্যাংকার কারখানায় আসে। লোগানাথন ট্যাংকারে কতটা তেল রয়েছে তা পরিমাপ করতে যান। তিনি হঠাৎ সিঁড়ি থেকে পিছলে ট্যাংকারের ভিতরে পড়ে যান। কারখানার আরেক শ্রমিক কার্তিক ঘোষ তাকে বাঁচাতে নিম তেলের ট্যাংকারে ওঠেন।
এই দুইজনকে উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও এক স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে তিলজলা পুলিশ ও কলকাতা ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। কলকাতা পুলিশের ডিজাস্টার রেসপন্স ফোর্সকেও খবর দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ট্যাংকার থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তিলজলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কারখানার ভেতরে শ্রমিকদের সুরক্ষায় কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহত দুই ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।