কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার (২৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রবিবার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুন লেগেছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

দু'টি ইউনিট ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাকি দু'টি ইউনিট স্টেশনে ফেরত যায় বলে জানান তিনি।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।