হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক যুবকের। রোববার (২৩ এপ্রিল) উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে এই ভয়াবহ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অমিত সাইনি। জানা গেছে, সেলফি তুলতে গিয়ে রটারের কাছাকাছি চলে যান ওই যুবক। আর সেই রটারের আঘাতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন অমিত। কেদারনাথ ধাম হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের পর অমিত সেলফি তুলতে যান। হেলিকপ্টারের পিছনের ফ্যান (রটার) তখনও চলমান ছিল।
প্রতিবেদনে বলা হয়, সেলফি তোলার ঝোঁকে তিনি বুঝতে পারেননি যে তিনি রটারের খুব কাছাকাছি চলে এসেছেন। মুহূর্তেই সেই ব্লেডে তার মাথা কেটে দেহ থেকে আলাদা হয়ে যায়। এ ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, হেলিকপ্টারটির নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে ২৫ এপ্রিল থেকে। শনিবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। তবে, কেদারনাথ ও যমুনোত্রীতে তুষারপাতের কারণে রোববারই তীর্থযাত্রীদের যাত্রা বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে উত্তরাখণ্ডের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর ও পিথোরাগড় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।