মাদারীপুরের শিবচরের বিল পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানজিল আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানজিল আক্তার উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের আবুল কালাম মোড়লের মেয়ে।
জানা যায়, ৮ম শ্রেণী পড়ুয়া তানজিল আক্তার তার পরিবারের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে সপরিবারে। সোমবার দুপুরে বাড়ির পাশের বিল পদ্মা নদীতে সমবয়সীদের সাথে গোসল করতে নামে তানজিল আক্তার। সাতার না জানা তানজিল আক্তার গোসল করতে করতে এক পর্যায় নিজের অজান্তে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় তার সমবয়সী বান্ধবীদের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধ ঘণ্টা পর পানির তলদেশ থেকে অচেতন অবস্থায় তাকে তুলে আনে স্বজনরা। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিঠুন বিশ্বাস বলেন, বিকেলে পানিতে ডুবে অচেতন অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়।