ফের ধর্মঘটে নেমেছেন জার্মানির বিমানবন্দর কর্মীরা। সোমবার (২৪ এপ্রিল) থেকে বিমান বন্দরের কর্মীদের ডাকা ওই ধর্মঘটের কারণে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে কমপক্ষে ৫শ ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে ভোগান্তির শিকার হন কয়েক লাখ যাত্রী।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে রাজধানী বার্লিনের বেয়ার, হামবুর্গসহ নর্দরাইন ভেস্টফালেন অঙ্গরাজ্যের ডুসেলডর্ফ ও কোলন বিমানবন্দরে শুরু হয় কর্মবিরতি।
আন্দোলনরত এক কর্মী বলেন, ‘আমাদের বেতন-বোনাস বাড়াতে হবে, ওভারটাইমের টাকা বুঝিয়ে দিতে হবে। এটার সঠিক হার নির্ধারণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আপনি যখন বিমানবন্দরে কিংবা ফ্লাইটে অতিরিক্ত কর্মঘণ্টা ডিউটি করবেন তখন আপনার মজুরির হার কি হবে সেটা নির্ধারণ করতে হবে। শুধু তাই নয় যেকোনো ছুটির দিনে কিংবা সাপ্তাহিক ছুটির দিনের টাকাও বুঝিয়ে দিতে হবে আমাদের।’
হামবুর্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটের কারণে, ব্রাসেল, জুরিখ, হেলসিংকি কিংবা লন্ডনের পথে ছেড়ে যেতে পারেনি কোন বিমান। এই অবস্থায় বিপাকে পড়েন দেশি-বিদেশি যাত্রীরা।
এদিকে, বেতন ভাতা বাড়ানোর দাবি মেনে না নিলে ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানির ট্রেড ইউনিয়ন। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েক দফা আন্দোলন করেছে দেশটির বিমানবন্দরের কর্মীরা।