২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ (চার) বছর একাডেমিক ও ১ বছরের ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদি এ আবেদন শুরু হয়েছে ২০ মার্চ থেকে। ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদ, নম্বরপত্র এবং শারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে। অত্র প্রতিষ্ঠানে কোনো আবাসিক ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা–খাওয়ার ব্যবস্থা এবং কোর্স শেষে ০১ (এক) বছর ইন্টার্নশিপ প্রশিক্ষণ নিতে হবে।
অনলাইন আবেদনপ্রক্রিয়া এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। এ ছাড়া ১,০০০/- (এক হাজার) টাকা ACADEMIC FUND OF PHYSIOTHERAPY চলতি হিসাব নং ‘0200001767274’, অগ্রণী ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা–এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ 300kb, JPG) এবং ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি (সর্বোচ্চ 400kb, JPG) প্রয়োজন হবে। অনলাইন আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইট দেখে যথাযথভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৩ (রাত ১২টা পর্যন্ত)
প্রবেশপত্র সংগ্রহ: আগামী ১৪ মে ২০২৩ থেকে ১৮ মে ২০২৩ (রাত ১২টা পর্যন্ত) প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা প্রবেশপত্র রঙিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।
ভর্তি পরীক্ষা: আগামী ১৯ মে (শুক্রবার)। পরীক্ষার সময় ১ ঘণ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি (সাবেক আগারগাঁও তালতলা সরকারি কলোনি স্কুল অ্যান্ড মহিলা কলেজ) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য একটি আসন এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকবে। এ ছাড়া থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।