শ্বাসরুদ্ধকর টাইব্রেকার, এফএ কাপ ফাইনালে ‘ম্যানচেস্টার’ ডার্বি

গত শনিবার শেফিল্ড সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এফএ কাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে উত্তীর্ণ হয় ম্যানচেস্টার সিটি। অপেক্ষা ছিল দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে কাকে দেখা যাবে সিটির বিপক্ষে। আর সেই লক্ষ্যেই গত রবিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্রাইটন। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা লড়াই গড়ায় টাইব্রেকারে আর তাতেই যেন বদলে গেল খেলার আমেজ। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারেও চলে নাটকীয়তা। 

একের পর এক গোল করতে থাকলো দুই দল। ফলে টাইব্রেকারে লড়াই হলো ১৩ গোলের। অবশ্য শেষ অবধি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে লড়াইয়ে ৭-৬ ব্যবধানে জিতেছে রেড ডেভিলসরাই। এতে করে এফএ কাপের ফাইনালে দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। ওয়েম্বলিতে আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে এ ম্যাচ।

এ রাতে ব্রাইটনের বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণগুলো গোছানো ছিল না এরিক টেন হাগের ম্যান ইউ। বরং তাদেরই সমান ১৫টি শট নেয় ব্রাইটন, যার পাঁচটি ছিল লক্ষ্যে। ইউনাইটেডের শট লক্ষ্যে ছিল একটি বেশি। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলই। নির্ধারিত সময়ে ফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিট। তাতেও কোনো লাভ হয়নি ফলে শেষে অনুষ্ঠিত হয় টাইব্রেকার। 

সেখানে নির্ধারিত পাঁচ শটে উভয় দলই ছিল সমান। এরপর এক শটের লড়াইয়ে ব্রাইটনের অ্যাডাম ওয়েবস্টার ও ইউনাইটেডের ভট ভেহর্স্টও লক্ষ্যভেদ করেন। সপ্তম শটে ব্রাইটনের সলি মার্চ উড়িয়ে মারেন ক্রসবারের ওপর দিয়ে। ভিক্টর লেন্ডেলফ জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।