ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে মো. হাসান (৩০) ও মো. শাহজাহান (৪০) নামের দুই ব্যক্তির নাম জানা গেছে।
সোমবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে স্বজনরা দুইজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আব্দুর রব ওই এলাকার মৃত মফেজ হাওলাদারের ছেলে এবং বেলায়েত তার ভাই মৃত মকবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, পুলিশকে মাদকের তথ্য দেওয়ার অভিযোগ তুলে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে, ঘটনার পর রাতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একাটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ড হওয়ার পরপরই পুলিশের হাতে যে চারজন আটক হয়, তাদের
আজ মঙ্গলবার আদালতে পাঠানো করেছে।
ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, আধিপাত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ জোড়া খুন সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।