কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত এসপি মোল্লা মোহাম্মদ শাহিন।
মারা যাওয়া পর্যটক মুহাম্মদ শাহাজাহান (৪০) চট্টগ্রামের পাঁচলাইশ শুল্লক বহর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ কর্মকর্তা মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। এ সময় আকস্মিক তিনি স্রোতে ভেসে যান। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গরম উপেক্ষা করে ঈদের তৃতীয় দিন হতে কক্সবাজারে পর্যটক উপস্থিতি বেড়েছে। সকল বয়সের পর্যটকরা সাগরের সান্নিধ্যে বেলাভূমিতে নামছেন।