চুয়াডাঙ্গার ভালাইপুরে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।
নিহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আলমসাধু চালক সজল আলী (২৭) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে এনজিও কর্মী মামুন অর রশিদ (২৪)।
ভালাইপুর গ্রামের বাসিন্দা টিপু মিয়া জানান, বিকেলে আমার মা সাবিনা খাতুন ভালাইপুর মোড়ে আশাবুল গার্মেন্টস ও বস্ত্রালয়ে কাপড় কিনতে যান। কাপড়ের দাম জিজ্ঞেস করলে ৮২ টাকা বলে কর্মচারী ইমন। আমার মা ৮০ টাকায় কাপড়টি চাইলে বিষয়টি নিয়ে ওই কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে কাপড় পরিমাপের স্কেল দিয়ে আমার মাকে আঘাত করে দোকানের কর্মচারী ইমন। আমার মাকে গালিগালাজ করে দোকান থেকে বের করে দেয় সে। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমিসহ আমার বন্ধু মামুন ও সজল চা পান করতে ভালাইপুর বাজারে যাই। এসময় আশাবুলের দোকানের কর্মচারী ইমন, সানোয়ার ও আকাশসহ কয়েকজন আমাদের উপর হামলা চালায়। পরে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন সজল ও মামুন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজল। অন্যদিকে মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী রেফার্ড করা হয়। রাজশাহী নেয়ার আগেই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।