দিনাজপুরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন বাবুল হোসেন নামে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও একই অফিসের স্টাফ সোহান হোসেন। 

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন (৫৫) দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত ডাঃ আসিরউদ্দীনের ছেলে ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এবং সোহান হোসেন একই এলাকার মাসুম হোসেনের ছেলে এবং একই অফিসে কম্পিউটার অপারেটর পদে আউটসোর্সিং হিসেবে কর্মরত ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একই মোটরসাইকেলযোগে কর্মস্থল এলুয়ারী ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন বাবুল হোসেন ও সোহান হোসেন। সকাল ১০টায় তারা চুনিয়াপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল হোসেন ও সোহান হোসেন। 

দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বাসটিকে আটক করা হয়েছে।