ট্রলারে ১০ লাশ উদ্ধার: দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর 

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে ট্রলার থেকে ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদরের জ্যেষ্ঠ বিচারক শ্রীজ্ঞান তঞ্চ্যঙ্গা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দূর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন কক্সবাজারের মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকার ইলিয়াছের ছেলে ট্রলার মালিক বাইট্টা কামাল (৪৫) ও হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে করিম সিকদার মাঝি (৫৫)। 

এসআই দূর্জয় বিশ্বাস বলেন, আদালতের আদেশ পাওয়ার পর বুধবার থেকে আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সঙ্গে এ মামলায় পলাতক অপর ২ আসামিসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

নিহতদের মধ্যে ৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হয়ে বাকি ৪ জনের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ২৩ এপ্রিল ট্রলারের বরফ রাখার কক্ষ থেকে ওই ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কয়েকজনের শরীরে জাল প্যাঁচানো ছিল। লাশগুলো ট্রলারের যে কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে, সেই কক্ষের ঢাকনাও পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছিল। অথচ ট্রলারের জাল ও ইঞ্জিন রয়ে গেছে। তাই মনে হচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত।