ফিফার হিসাবে বাফুফে আর্থিক অনিয়ম করেছে। হিসাব মেলাতে গিয়ে কাগজপত্র জমা দিতে পারেনি। সে কারণে দায়ভার সব গিয়ে পড়েছে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের ওপর। ফিফার নিয়মে দায়িত্ব তার ওপরই বর্তায়। ফিফা সোহাগকে দুই বছর ফুটবল থেকে নিষিদ্ধ করেছে গত ১৪ এপ্রিল। সঙ্গে ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে। ফিফা সেযব অভিযোগ এনেছিল তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছিল বাফুফে।
কেন হলো, কীভাবে হলো-তা জানতে ১০ সদস্যের তদন্ত কমিটির দুই সদস্য আতাউর রহমান মানিক এবং মহিউদ্দিন মহি পদত্যাগ করেছেন। কিন্তু তারা কেন পদত্যাগ করলেন সে বিষয়ে কথা বলছেন না। বাফুফের সহসভাপতি মানিক ফোন ধরেননি। আরেক সহসভাপতি মহি ফোন ধরলেও তিনি বারবার একটা কথাই বলছেন কোনো কমেন্টস করবেন না। পদত্যাগ করেছেন কি না, সেটাও বলছেন না। পাল্টা অনুরোধ করে বলেছেন বাফুফের ভাপ্রাপ্ত সাধারণ সম্পাদককে প্রশ্ন করতে।
এই কমিটির আরেক সদস্য হচ্ছেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। তার অবস্থান জানতে চাইলেন তিনি বললেন, ‘২ মে বাফুফে সভা আছে। সভার পর কথা বলা যাবে।’ মানিক এবং মহির পদত্যাগের বিষয়ে জানেন কি না, জানতে চাইলে ইমরুল বলেন, ‘কাজই তো শুরু হয়নি। পদত্যাগ করার কী আছে। কাজ শুরু হলেই না পদত্যাগ। এ বিষয় এলো কিভাবে।’ ইমরুল মনে করেন যখন আলোচনা হয়েছিল তখন না থাকলেই তো হতো। এখন এত দূর আসার পর পদত্যাগ করার কী আছে।
সোহাগের ঘটনা প্রকাশ হওয়ার পর গত ১৬ এপ্রিল বিসিএল ফুটবলের পুরস্কার প্রদানের অনুষ্ঠান শেষে কমলাপুর স্টেডিয়ামে বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি জোরাল কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন সোহাগের সঙ্গে আর কারা আছে সেটা খুঁজে বের করতে হবে। ঈদের পর তদন্ত কমিটি কাজ শুরু করবে। তিনি বলেন, ‘শেকড় থেকে মূল উৎপাটন করতে হবে।’ এমন কথা বলা মানুষ কয়েক দিনের মধ্যে কীভাবে পিছুটান দিলেন তা বুঝা গেল না। শেকড় থেকে মূল উৎপাটন করার কথা বলে নিজেই সরে গেলেন। তাহলে সাধারণ মানুষ কী বুঝবে। যতদূর জানা গেছে, মহিরা মনে করছেন ঘরের মানুষ দিয়ে তদন্ত করে লাভ নেই। এথিকস কমিটি আছে তারা করলেই নাকি স্বচ্ছতা আসতে পারে।
আবার এমনও মনে করা হচ্ছে যে, ‘ফিফা সিদ্ধান্ত দিয়েছে। তার বিপরীতে একই বিষয় নিয়ে নতুনভাবে তদন্ত করা হলে ফিফাকে প্রশ্নবিদ্ধ করা হবে কি না। নানা সমীকরণ ঘুরপাক খাচ্ছে বাফুফের অন্দরমহলে। তবে ধারণা করা হচ্ছে তদন্ত কমিটি থেকে আরো কেউ পদত্যাগ করতেও পারেন। আর যা-ই হোক আগামী মঙ্গলবার বাফুফের সভা। তার আগ পর্যন্ত অনেক ঘটনাই ঘটতে পারে।