আর্সেনালকে উড়িয়ে শিরোপার দৌড়ে এগিয়ে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই, জিতলেই প্রতিপক্ষকে ছাড়িয়ে শিরোপার দিকে এগিয়ে যাওয়া। সেই লড়াইয়ে ম্যানচেস্টার সিটির কাছে উড়ে গেলো আর্সেনাল। নিজেদের ঘরের মাঠে গানারদের ৪-১ গোলে হারিয়ে ইপিএলের শিরোপায় যেন এক হাত দিয়েই রাখলো সিটিজেনরা। 

এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। ম্যাচের মাত্র ৭ মিনিটেই আর্লিং হালান্ডের অ্যাসিস্টে সিটিজেনদের এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। সতীর্থের লম্বা করে বাড়ানো বল মাঝমাঠ থেকেই নিয়ন্ত্রণে নিয়ে হালান্ড পাস বাড়ান ডি ব্রুইনের দিকে। বক্সের মুখ থেকে নেওয়া ডি ব্রুইনের নিখুঁত শট খুঁজে নেয় আর্সেনালের জাল। 

প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়ে যায় স্বাগতিকরা। আগের গোলদাতা ডি ব্রুইন এবার সহায়কের ভূমিকায়। প্রথমার্ধের শেষ দিকে ডি ব্রুইনার ফ্রি কিকে কোনাকুনি হেডে স্কোরলাইন ২-০ করেন জন স্টোন্স। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত পাল্টায়। 

বিরতি থেকে ফিরে আর্সেনালের ম্যাচে ফেরার আশাও শেষ করে দেন ডি ব্রুইন। আবারও হালান্ডের অ্যাসিস্টে সিটির হয়ে গোল করে ৩-০ গোলের লিড এনে দেন ডি ব্রুইন।

ম্যাচের শেষদিকে এসে ৮৬ মিনিটে একমাত্র গোলের দেখা পায় আর্সেনাল। সিটির ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে মিকেল আর্তেতার দলের হয়ে সান্ত্বনার গোলটি করেন রব হোল্ডিং। 

ম্যাচের যোগ করা সময়ে আর্সেনালের জালে আরেকবার বল জড়িয়ে এতিহাদে গোল উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দেন হালান্ড। শেষ বাঁশি বাজার ঠিক আগের মিনিটে  ফিল ফোডেনের পাস থেকে বক্সে ফাঁকায় বল পেয়ে ৪-১ গোলে সিটির জয় নিশ্চিত করেন হালান্ড।

এই ম্যাচে হারলেও আর্সেনাল এখনও রয়েছে ইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে সিটির চেয়ে তারা ম্যাচ খেলেছে দুইটি বেশি।  ৩৩ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল আর ৩১ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।