ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি, গ্রেপ্তার দুই

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) গৃহকর্মীকে সন্দেহের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন গৃহকর্মী তাহমিনা ও তার স্বামী শাকিল।

এসআই বলেন, ন্যানসির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুইজনেরই রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে চুরির বিষয়ে ন্যানসি জানান, ‘অল্প দিনের জন্য আমার বাসায় কাজ করতে আসে তাহমিনা। ওকে বলেছিলাম, ঈদ পর্যন্ত কাজ করতে। ৫ এপ্রিল তাহমিনা হঠাৎ জানায়, আর কাজ করবে না, তার শরীর খারাপ। পরে তাকে চিকিৎসার ব্যবস্থা করাব বললে সে জানায়, ওকে নাকি ভূতে ধরেছে। এ জন্য আর কাজ করবে না। তখনো চুরির বিষয়টি বুঝতে পারিনি। পরে তার ছোট বোনকে কাজের জন্য রাখি।’

নাজমুন মুনিরা ন্যানসি

তাহমিনা চলে যাওয়ার পর গত ১৭ এপ্রিল ঘর গোছাতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন ন্যানসি। তার কথায়, ‘দেখি, জাতীয় চলচ্চিত্র স্বর্ণপদক, সোনার চেইন ও কানের দুল নেই। পরে থানায় জানাই। একজন এসআই এসে তাহমিনার ছোট বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বোনই নিয়েছে। তবে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘ন্যানসির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এই চুরির জন্য তার বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে।’